নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল
- আপলোডের সময় : Friday, August 14, 2026,

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিএনপি। মনোনয়ন ঘোষণার পর তিনি দলের মহাসচিব ও মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন। এখন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের আগে তাকে শপথ নিতে হবে। এ নিয়ে নতুন করে আলোচনায় এসেছে—নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে?
বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলে তার সংসদীয় কার্যাবলি ডেপুটি স্পিকার পালন করেন।
সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ এবং তৃতীয় তপশিল অনুযায়ী, রাষ্ট্রপতির শপথ পড়ানোর দায়িত্ব স্পিকারের ওপর ন্যস্ত। তবে স্পিকার বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকায় সংসদের স্পিকারের কার্যাবলি পালন করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সাংবিধানিক কাঠামো অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাকে শপথ পড়ানোর দায়িত্ব ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের ওপরই বর্তাবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, কায়সার কামাল এর আগে বিএনপির আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার আগে বিএনপির সাবেক আইন সম্পাদকের কাছেই শপথ নিতে পারেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তবে শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা এবং সাংবিধানিক প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।










