নওগাঁর আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপলোডের সময় : Wednesday, September 2, 2026,

নওগাঁর আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে এ উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, বিএনপি সবসময় মানুষের অধিকার আদায় ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তারা এগিয়ে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ নেতাকর্মীদের জন্য পথপ্রদর্শক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠন ও গণতন্ত্র সুসংহত করার লক্ষ্যে কাজ করার কথাও জানান তিনি। পাশাপাশি আত্রাই-রাণীনগরের উন্নয়ন ও জনগণের কল্যাণে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় বক্তব্য রাখেন আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম লিটন প্রমুখ।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আটটি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।










