নওগাঁর আত্রাইয়ে ‘নজরুল বর্ষ’ উদযাপনে শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান
- আপলোডের সময় : Tuesday, September 1, 2026,

নওগাঁর আত্রাইয়ে ‘নজরুল বর্ষ’ উদযাপনে শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান
মো. আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩১ আগস্ট ২০২৬) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার অমর চরণ ‘বল বীর—বল উন্নত মম শির’কে প্রতিপাদ্য করে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজন অংশ নেন।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার চেতনা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাম্য, মানবতা ও প্রগতির প্রতীক। তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে নজরুলের চেতনা ও আদর্শ ছড়িয়ে দিতেই এ আয়োজন। নজরুলের কবিতা ও সাহিত্য শিক্ষার্থীদের সৎ, সাহসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাযহারুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, মো. ফারুক বখত ও সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিনসহ অনেকে।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।