ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপলোডের সময় : Tuesday, September 1, 2026,

ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মো. জিহান বাবু, নওগাঁ প্রতিনিধি
সারা দেশের মতো কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ধামইরহাট উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. রুহুল আমিন উপস্থিত নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বক্তব্যে তিনি বলেন, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, আগামী দিনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন ধামইরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব আলম শাহ ও যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রউফ।
বক্তারা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে ধামইরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. রাইহান কবিরসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, সরকারি কলেজ ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









