দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপলোডের সময় : Wednesday, September 2, 2026,

দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কাউছার মিয়া
দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দৌলতপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
পরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আব্দুল মতিন মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মো. কাদের সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ নোমানী, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজীব হোসেন, ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির এলিটসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।










