
দুর্বৃত্তের হাত থেকে রাজনীতিকে মুক্ত করতে হবে: হাসনাত আব্দুল্লাহ
লক্ষ্মীপুর প্রতিনিধি: কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশের রাজনীতিকে দুর্বৃত্ত, মাদক কারবারি ও ব্যবসায়িক সিন্ডিকেটের প্রভাব থেকে মুক্ত করতে হবে। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক নেতৃত্বের একটি অংশ এসব গোষ্ঠীর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয় না।
শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুরের রায়পুরে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ কষ্ট পেলেও অনেক রাজনীতিবিদ নীরব থাকেন। তার দাবি, নির্বাচনের আগে ব্যবসায়িক সিন্ডিকেটের অর্থে নির্বাচনী কার্যক্রম পরিচালিত হয়, আর নির্বাচনের পর সেই সিন্ডিকেট যখন পণ্যের দাম বাড়ায়, তখন জনগণের পক্ষে কার্যকর অবস্থান নেওয়া হয় না। বরং সংসদে সরকারপ্রধানের প্রশংসায় ব্যস্ত থাকেন অনেকেই।
তিনি আরও বলেন, সংসদে কথা বলার সুযোগ বাধাগ্রস্ত হলেও জনগণের কথা বলার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। তার ভাষায়, “সংসদে যদি আমাদের কথা বলতে না দেওয়া হয়, তাহলে আমরা সংসদের বাইরে, জনগণের সামনে কথা বলব। ভয় দেখিয়ে আমাদের থামিয়ে রাখা যাবে না।”
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মাহবুব আলম, সংগঠক আরমান হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন এবং লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক মাছুম বিল্লাহসহ স্থানীয় নেতারা।