দিরাইয়ে ‘মর্নিং ফুটবল টিম’-এর আনন্দময় বনভোজন অনুষ্ঠিত
- আপলোডের সময় : Saturday, August 29, 2026,

দিরাইয়ে ‘মর্নিং ফুটবল টিম’-এর আনন্দময় বনভোজন অনুষ্ঠিত
দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই উপজেলার ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন ধল আশ্রমে আনন্দঘন পরিবেশে ‘মর্নিং ফুটবল টিম দিরাই’-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দিনব্যাপী আয়োজনে ক্লাবের সদস্য ও খেলোয়াড়েরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক পরিবেশনা ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ে অংশ নেন।
ভোর থেকেই ক্লাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উৎসবমুখর পরিবেশে ধল আশ্রমে একত্রিত হন। দুপুরে মধ্যাহ্নভোজ ও প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। পরে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন ক্লাবের সদস্যরা।
আয়োজকরা জানান, ক্লাবের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এ বনভোজনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে খেলাধুলার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও ‘মর্নিং ফুটবল টিম’ ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
বনভোজন আয়োজনে সৌজন্যমূলকভাবে সহযোগিতা করেন সেন মার্কেট, দিরাইয়ের প্রতিষ্ঠান ‘মাদানী ডিজিটাল প্রিন্ট’-এর স্বত্বাধিকারী মনসুর আহমদ।
বনভোজনে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সদস্য আশিষ ভৌমিক প্রণয়, পাবেল হাসান, আব্দুল রাজী, শাহ আলম, শাহিন ও রিপনসহ অন্যান্য সদস্য।
মনোরম প্রাকৃতিক পরিবেশ, খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজন ও আপ্যায়নের মধ্য দিয়ে সন্ধ্যায় বনভোজনের সমাপ্তি ঘটে।










