দিনাজপুর বোর্ডে প্রথম চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ২৪২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
- আপলোডের সময় : Monday, August 10, 2026,

দিনাজপুর বোর্ডে প্রথম চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ২৪২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
নিজস্ব প্রতিবেদক
এসএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জন করেছে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২৪২ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ অর্জন করেছে।
অভূতপূর্ব এ সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ সাফল্যের পেছনে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অভিভাবকদের সার্বিক সহযোগিতা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ২৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং ফল প্রকাশের পর দেখা যায়, প্রত্যেকেই জিপিএ-৫ অর্জন করেছে। শতভাগ জিপিএ-৫ অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দিনাজপুর শিক্ষা বোর্ডে শীর্ষস্থান দখল করেছে।
স্কুলের অধ্যক্ষ আলহাজ মো. মমিনুল ইসলাম বলেন, “সব শিক্ষকের নিবিড় পরিচর্যা, আন্তরিকতা, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় এবং অভিভাবকদের পূর্ণ সহযোগিতার ফলেই এ কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হয়েছে।”
তিনি আরও বলেন, “আমাদের প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীর এক মিনিটেরও হিসাব রাখা হয়। শিক্ষার্থীদের পড়াশোনা, উপস্থিতি ও সার্বিক অগ্রগতি সার্বক্ষণিক মনিটরিং করা হয়। এ ধারাবাহিক তদারকি ও পরিকল্পিত শিক্ষা কার্যক্রমই আমাদের সাফল্যের অন্যতম ভিত্তি।”
প্রতিষ্ঠানের এ অসাধারণ ফলাফলে এলাকাবাসীও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ অর্জন শুধু চিরিরবন্দর নয়, সমগ্র দিনাজপুর জেলার শিক্ষাঙ্গনের জন্য একটি গৌরবের বিষয়।










