থাইল্যান্ডের স্কুলে শিক্ষকের ওপর গুলি, নিহত শিক্ষক ও হামলাকারী শিক্ষার্থী
- আপলোডের সময় : Friday, August 7, 2026,

থাইল্যান্ডের স্কুলে শিক্ষকের ওপর গুলি, নিহত শিক্ষক ও হামলাকারী শিক্ষার্থী
থাইল্যান্ডের একটি স্কুলে এক শিক্ষার্থীর গুলিতে একজন শিক্ষক নিহত হয়েছেন। পরে হামলাকারী শিক্ষার্থী নিজেও আত্মহত্যা করেছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৭ আগস্ট) ব্যাংককের উত্তর-পশ্চিমাঞ্চলীয় নোন্তাবুরি প্রদেশের বাং ক্রুয়াই জেলায় অবস্থিত দেবসিরিন নোন্তাবুরি স্কুলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর আল জাজিরা ও রয়টার্সের।
পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী ওই স্কুলেরই একজন শিক্ষার্থী। গুলিবর্ষণের পর সে নিজের প্রাণ নেয়। আহত চারজনের মধ্যে একজন শিক্ষক ও তিনজন শিক্ষার্থী রয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ১৮ বছর বয়সী এক শিক্ষার্থী রয়টার্সকে জানায়, প্রথমে সবাই শব্দটিকে আতশবাজি বা কোনো কিছু আঘাত করার শব্দ মনে করেছিল। তবে পরপর আরও কয়েকটি শব্দ শোনার পর তারা বুঝতে পারে যে গুলিবর্ষণ হচ্ছে।
ঘটনার পরপরই জরুরি সেবামূলক সংস্থার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে অ্যাম্বুলেন্সে আহতদের হাসপাতালে নেওয়া এবং আতঙ্কিত শিক্ষার্থীদের স্কুল প্রাঙ্গণ ত্যাগ করার দৃশ্য দেখা যায়।
বিদ্যালয়টিতে প্রায় ৩ হাজার ১০০ শিক্ষার্থী এবং ১৪৭ জন শিক্ষক কর্মরত ছিলেন।
থাইল্যান্ডে অস্ত্র আইন তুলনামূলকভাবে কঠোর হলেও দেশটির কিছু অঞ্চলে বন্দুকের মালিকানার হার উল্লেখযোগ্য। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণাঞ্চলের হাতাই জেলায় একটি স্কুলে বন্দুকধারীর হামলায় একজন শিক্ষক নিহত এবং এক শিক্ষার্থী আহত হয়েছিল।
এ ছাড়া ২০২২ সালের অক্টোবরে নং বুয়া লামফু প্রদেশের একটি শিশু যত্ন কেন্দ্রে এক সাবেক পুলিশ কর্মকর্তার ভয়াবহ হামলায় বহু মানুষ নিহত হন। ওই ঘটনার পর অস্ত্র ক্রয় ও লাইসেন্স নবায়নের ক্ষেত্রে মেডিকেল মূল্যায়ন বাধ্যতামূলক করাসহ দেশটির অস্ত্র আইন আরও কঠোর করা হয়।









