তুরস্কের সম্ভাব্য সামরিক তৎপরতার অভিযোগে সিরিয়ায় বিমানঘাঁটিতে হামলা ইসরায়েলের
- আপলোডের সময় : Sunday, August 23, 2026,

তুরস্কের সম্ভাব্য সামরিক তৎপরতার অভিযোগে সিরিয়ায় বিমানঘাঁটিতে হামলা ইসরায়েলের
সিরিয়ার একটি বিমানঘাঁটিতে তুরস্কের সম্ভাব্য সামরিক তৎপরতা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আবু আল-দুহুর বিমানঘাঁটিতে হামলার সুপারিশ করা হয়েছিল বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কাটজের দাবি, হামলার অনুমোদন দেওয়ার আগে সিরিয়া সরকারকে সর্বোচ্চ পর্যায়ে সতর্ক করেছিল ইসরায়েল। একই সঙ্গে সংশ্লিষ্ট গোয়েন্দা তথ্য মার্কিন কর্মকর্তাদেরও জানানো হয়। তবে সিরিয়ার পক্ষ থেকে ইসরায়েলের দাবির বিষয়ে কোনো সাড়া না পাওয়ার পর হামলা চালানো হয় বলে জানান তিনি।
তবে ইসরায়েলের এ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলার আগে কিংবা হামলার সময় আবু আল-দুহুর বিমানঘাঁটিতে কোনো তুর্কি সামরিক প্রতিনিধি দল উপস্থিত ছিল না।
সিরিয়াও জানিয়েছে, ওই বিমানঘাঁটিতে তুরস্কের সামরিক ঘাঁটি স্থাপনের কোনো পরিকল্পনা ছিল না। তবে সামরিক সহযোগিতার অংশ হিসেবে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য তুরস্কের কর্মকর্তারা স্থাপনাটি পরিদর্শন করেছিলেন।
এর আগে গত ১৮ আগস্ট উত্তর-পশ্চিম সিরিয়ার আবু আল-দুহুর বিমানঘাঁটিতে আট দফা বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ঘাঁটির রানওয়ে এবং অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংরক্ষণের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। তবে হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মার্কিন বিশেষ দূত টম ব্যারাক ইসরায়েলের এই হামলাকে ‘অপ্রয়োজনীয় উত্তেজনা’ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তুরস্ক, ইসরায়েল ও সিরিয়ার মধ্যে সম্ভাব্য সংঘাত এড়াতে একটি সমন্বয়ব্যবস্থা তৈরির বিষয়ে কাজ করছে তারা।
তবে ব্যারাকের মন্তব্যের সমালোচনা করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাটজ। তার দাবি, ব্যারাকের বক্তব্যে বেশ কিছু ভুল তথ্য রয়েছে এবং গোলান মালভূমি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের সঙ্গেও তার কিছু বক্তব্য সাংঘর্ষিক।
সূত্র: আল জাজিরা










