তালতলীতে ধান রোপণের সময় দিনমজুরের মৃত্যু, হিটস্ট্রোকের আশঙ্কা
- আপলোডের সময় : Sunday, August 30, 2026,

তালতলীতে ধান রোপণের সময় দিনমজুরের মৃত্যু, হিটস্ট্রোকের আশঙ্কা
তালতলী প্রতিনিধি: এইচ বি সুমন আলী
বরগুনার তালতলীতে প্রচণ্ড গরমে মাঠে ধান রোপণের কাজ করার সময় শামসুল হক (৪৫) নামে এক দিনমজুরের আকস্মিক মৃত্যু হয়েছে। চিকিৎসকের প্রাথমিক ধারণা, তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
শনিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের বড় ভাইজোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শামসুল হক উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকির তবক গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। তিনি বর্তমানে নিশানবাড়িয়া ইউনিয়নের বড় কুজানপাড়া এলাকায় বসবাস করতেন। পেশায় দিনমজুর শামসুল হকের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর স্ত্রী তানিয়া বেগম সন্তানসম্ভবা।
সহকর্মী দিনমজুর ইব্রাহিম জানান, বড় ভাইজোড়া এলাকার কৃষক সালাম হাওলাদারের জমিতে দৈনিক ৯৫০ টাকা মজুরিতে সাতজন শ্রমিক ধান রোপণের কাজ করছিলেন। সকালে কাজ শুরুর পর বেলা সাড়ে ১১টার দিকে প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন শামসুল হক।
পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, হাসপাতালে আনার পর পরীক্ষা করে শামসুল হককে মৃত পাওয়া যায়। প্রাথমিকভাবে তীব্র গরমের কারণে হিটস্ট্রোকে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম হাসপাতালে যান। তিনি জানান, মাঠে কাজ করার সময় অসুস্থ হয়ে ওই দিনমজুরের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শামসুল হকের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সন্তানসম্ভবা স্ত্রী ও দুই সন্তানকে রেখে তাঁর মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।