তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রথম অফিস করলেন আন্দালিব রহমান পার্থ
- আপলোডের সময় : Sunday, August 23, 2026,

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রথম অফিস করলেন আন্দালিব রহমান পার্থ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবার সচিবালয়ে নিজ দপ্তরে অফিস করেছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ের ৬ নম্বর ভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পৌঁছালে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান।
এর আগে সকাল ৮টা ২০ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন মন্ত্রী। পরে সকাল সাড়ে ৯টায় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত শুক্রবার (২১ আগস্ট) নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন আন্দালিব রহমান পার্থ। একই রাতে তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে গেজেট প্রকাশ করা হয়। পরদিন শনিবার অন্যান্য মন্ত্রীর সঙ্গে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
সপ্তাহের প্রথম কর্মদিবসে রোববার নিজ মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করলেন আন্দালিব রহমান পার্থ।
এর আগে বিএনপি সরকার গঠনের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন জহির উদ্দিন স্বপন। পরবর্তীতে তাকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে।










