
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে সমকামিতার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হল প্রশাসনের কাছে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন হলের কিছু শিক্ষার্থী।
জানা গেছে, সম্প্রতি উর্দু বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মাহিনুর রেজার কক্ষে এক বহিরাগত ব্যক্তির যাতায়াতকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, ওই বহিরাগতকে হলের একটি কক্ষে আটক করার পর তিনি মাহিনুর রেজার কক্ষে যাওয়ার কথা জানান। পরে অভিযুক্ত দুজনকে হল অফিসে নিয়ে যাওয়া হয়।
হলের সাধারণ শিক্ষার্থীদের দাবি, লিখিত মুচলেকা নেওয়ার পর তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযোগ রয়েছে, মুচলেকায় মাহিনুর রেজা হলের আরও দুই শিক্ষার্থী একই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার কথা উল্লেখ করেছেন।
সূর্যসেন হল সংসদের ভিপি আজিজুল হক গণমাধ্যমকে বলেন, অভিযোগের বিষয়টি হল প্রশাসনকে জানানো হয়েছে। তবে সংশ্লিষ্টদের নাম-পরিচয় প্রকাশের বিষয়ে প্রোভোস্ট জানিয়েছেন, বিষয়টি যাচাই-বাছাই করে পরে সিদ্ধান্ত জানানো হবে।
হলের শিক্ষার্থী আবু সাঈদ দাবি করেন, অভিযুক্তদের বিরুদ্ধে এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
হল সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হতে পারে।
এ বিষয়ে হলের প্রোভোস্ট অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে দুই বহিরাগতকে ‘আপত্তিকর অবস্থায়’ আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তদন্তের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
প্রতিবেদকের নোট: এ প্রতিবেদনে উল্লিখিত বিষয়গুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে প্রশাসনিক তদন্ত বা আদালতের মাধ্যমে চূড়ান্ত সত্যতা এখনো প্রতিষ্ঠিত হয়নি।