টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট ঝুঁকিতে
- আপলোডের সময় : Thursday, August 27, 2026,

টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট ঝুঁকিতে
পর্যটন, সীমান্ত নিরাপত্তা ও পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ অবকাঠামো দ্রুত সংস্কারের দাবি
আবদুর রহিম, কক্সবাজার স্টাফ রিপোর্টার
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের গুরুত্বপূর্ণ জেটিঘাটটি বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। দীর্ঘদিনের ব্যবহারে জেটিঘাটের সিমেন্টের পিলারসহ বিভিন্ন অংশে ভাঙন ও ক্ষয় দেখা দিয়েছে। কোথাও পুরোনো কাঠামো বেরিয়ে পড়েছে, কোথাও আবার অবকাঠামোর বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়েছে।
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সীমান্তবর্তী শাহপরীর দ্বীপে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসেন। দেশি-বিদেশি পর্যটকদের কাছেও এলাকাটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে পরিচিত। ফলে জেটিঘাটটির নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন পর্যটনের জন্যও গুরুত্বপূর্ণ।
স্থানীয়দের মতে, জেটিঘাটটি শুধু পর্যটনকেন্দ্র হিসেবে নয়, পণ্য পরিবহনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। পার্শ্ববর্তী মিয়ানমার থেকে এ পথে গরু-ছাগল, শুঁটকি মাছসহ বিভিন্ন পণ্য আসা-যাওয়া করে।
সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এই এলাকায় বিজিবি ও কোস্টগার্ডের সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ কারণে জেটিঘাটের অবকাঠামো নিরাপদ ও ব্যবহার উপযোগী রাখা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।
সাবরাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান বর্তমানে ইউনিয়নের দায়িত্বে রয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, জেটিঘাটের বর্তমান অবস্থা দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়রা বলেন, সময়মতো জেটিঘাটটি সংস্কার করা হলে পর্যটকদের চলাচল আরও নিরাপদ হবে এবং পণ্য পরিবহন ও সীমান্তবর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থাও স্বাভাবিক থাকবে। পাশাপাশি শাহপরীর দ্বীপের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব হবে।
শাহপরীর দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং পর্যটন ও সীমান্ত নিরাপত্তার স্বার্থে জেটিঘাটটি দ্রুত সংস্কার করে আধুনিক ও নিরাপদ অবকাঠামোয় রূপ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।