ঝিনাইদহে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক
- আপলোডের সময় : Friday, August 14, 2026,

ঝিনাইদহে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এখলাছ (৩০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার (১৪ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের শ্যামকুড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শখের বানু (৫৫) শ্যামকুড় গ্রামের জেকোর আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে শখের বানুকে ভাত খেতে দেওয়ার জন্য ছোট ছেলের স্ত্রী তার ঘরে যান। সেখানে তিনি শখের বানুর রক্তাক্ত মরদেহ দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মরদেহটি উদ্ধার করেন।
হত্যাকাণ্ডের পর অভিযুক্ত এখলাছ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন পার্শ্ববর্তী একটি মাঠ থেকে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নেশার টাকা না দেওয়ায় এখলাছ তার মাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাচ্ছিল। পরে এলাকাবাসী তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, হত্যার প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।










