ঝিকরগাছায় তরুণদের সামাজিক ও আবেগীয় জীবনদক্ষতা বিষয়ক সেমিনার
- আপলোডের সময় : Wednesday, September 16, 2026,

ঝিকরগাছায় তরুণদের সামাজিক ও আবেগীয় জীবনদক্ষতা বিষয়ক সেমিনার
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
আমার সকাল ২৪
যশোর
যশোরের ঝিকরগাছায় তরুণদের ‘সামাজিক ও আবেগীয় জীবনদক্ষতা’ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঝিকরগাছা বিএম হাইস্কুলের হলরুমে অনুষ্ঠিত সেমিনারে বিদ্যালয়ের দশম শ্রেণির প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশ-এর ন্যাশনাল কনসালটেন্ট ড. মো. আব্দুল কাদের। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন WHO বাংলাদেশ-এর সুইসাইড প্রিভেনশন স্পেশালিস্ট ড. তানভীর হোসেন, ঝিকরগাছা উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, ঝিকরগাছা বিএম হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল আলম, প্রেস ক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম এবং মনের বন্ধু সংগঠনের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মোহা. বারিউল ইসলামসহ অন্যরা।
সেমিনারে বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণদের জন্য শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়; আত্মবিশ্বাস, সহমর্মিতা, মানসিক সুস্থতা, ইতিবাচক চিন্তাভাবনা, নেতৃত্বের গুণাবলি ও সমস্যা সমাধানের দক্ষতা অর্জনও গুরুত্বপূর্ণ। এসব জীবনদক্ষতা তরুণদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ইতিবাচক ভূমিকা রাখতে সহায়তা করে।
তারা আরও বলেন, সামাজিক ও আবেগীয় জীবনদক্ষতা বিকাশের মাধ্যমে তরুণদের মাদক, সহিংসতা, হতাশা ও বিভিন্ন সামাজিক সমস্যা থেকে দূরে রাখা সম্ভব। একই সঙ্গে মানবিক, দক্ষ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সেমিনারটি সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সহযোগিতায় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশ ও গ্র্যান্ড চ্যালেঞ্জেস কানাডার (Grand Challenges Canada) সহায়তায় বাস্তবায়িত একটি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়।
সেমিনার শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।