ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা: ‘সন্ত্রাসী-চাঁদাবাজ কোনো দলের হতে পারে না’—এমপি ডা. ফরিদ
- আপলোডের সময় : Tuesday, August 25, 2026,

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভা: ‘সন্ত্রাসী-চাঁদাবাজ কোনো দলের হতে পারে না’—এমপি ডা. ফরিদ
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসী ও সমাজবিরোধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন যশোর-২ আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন।
সোমবার (২৪ আগস্ট) সকালে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. মোসলেহ উদ্দিন বলেন, “কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সমাজবিরোধী কোনো দলের হতে পারে না। তাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না।”
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। ঝিকরগাছার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় ফুলের রাজধানীখ্যাত গদখালীর দীর্ঘদিনের পরিত্যক্ত রেলস্টেশন পুনরায় চালুর গণদাবির প্রসঙ্গও উঠে আসে। এমপি বলেন, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে সবাইকে ঐকমত্যে আসতে হবে। এ বিষয়ে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মোছা. সাবিরা সুলতানার আন্তরিকতার কথাও তিনি উল্লেখ করেন।
সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এম সাইফুল্লাহ।
এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দেবাংশু বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জ্যেষ্ঠ নেতা মোর্তজা এলাহি টিপু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদ উন নবী মুরাদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম, নায়েবে আমির সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খান, পৌর আমির আব্দুল হামিদ, বিএনপি নেতা আশফাকুজ্জামান খান রনি, প্রেসক্লাব সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম এবং হাজিরআলী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস উদ্দিন।
সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় মে মাসের অপরাধ পরিস্থিতির চিত্র ভিডিও প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।










