যশোরের ঝিকরগাছায় আবু হুরাইরা মিম (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পৌরসদরের কীর্তিপুর গ্রামের মশিয়ার রহমান ওরফে মশির বড় ছেলে।
বৃহস্পতিবার (২১ মে) ভোরে যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন বাড়ির পাশের একটি বাঁশ বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে ঝিকরগাছা পৌরসভার সীমানা পিলারের নিচে নয়ন ঝিল এলাকায় মিমের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার মাথায় ধারালো দা দিয়ে কোপের চিহ্ন ছিল বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, মশিয়ার রহমানের দুই ছেলের মধ্যে মিম বড়। তার ২১ দিন বয়সী এক শিশুসহ দুটি কন্যা সন্তান রয়েছে। কিছুদিন ইজিবাইক চালালেও বর্তমানে তিনি বেকার ছিলেন। স্থানীয়দের দাবি, কারও সঙ্গে তার প্রকাশ্য কোনো বিরোধ বা শত্রুতা ছিল না।
খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঝিকরগাছা থানার সেকেন্ড অফিসার মো. আলিমুজ্জামান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।