ঝিকরগাছায় ট্রাক দুর্ঘটনায় চালক গুরুতর আহত
ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া স্ট্যান্ডে ট্রাকের ওপর কাজ করার সময় মাহবুব রহমান (৫০) নামে এক ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে মাহবুব রহমান বাঁকড়া স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মালামাল বাঁধার কাজ করছিলেন। এই সময় রশি বাঁধার সময় হঠাৎ ছিঁড়ে যাওয়ায় তিনি ভারসাম্য হারিয়ে ট্রাকের ওপর থেকে সজোরে পাকা রাস্তার ওপর পড়েন।
দুর্ঘটনার পর সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, মাথা ও শরীরে গুরুতর আঘাত লেগেছে এবং তাঁর অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
আহত মাহবুব রহমান চুয়াডাঙ্গা সদর উপজেলার মাঝহাট গ্রামের মৃত বদরুদ্দীনের ছেলে। পেশায় তিনি একজন ট্রাকচালক।













