জামালপুরে ধর্মঘট প্রত্যাহার, দূরপাল্লার বাস চলাচল শুরু
- আপলোডের সময় : Thursday, September 3, 2026,

জামালপুরে ধর্মঘট প্রত্যাহার, দূরপাল্লার বাস চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক
মহাসড়কে হামলা ও বাসে ভাঙচুরের প্রতিবাদে ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর জামালপুর থেকে ঢাকা সহ দূরপাল্লার সব রুটে পুনরায় বাস চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সঙ্গে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। বেলা ৩টা থেকে টার্মিনালগুলো থেকে বাস ছেড়ে যেতে শুরু করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ। তিনি বলেন, জেলা প্রশাসক পরিবহন মালিক ও শ্রমিকদের নিরাপত্তাসংক্রান্ত দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে ধর্মঘট প্রত্যাহার ও বাস চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাস শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য মুসাব্বির আহমেদ জুয়েল বলেন, প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার বিষয়ে ইতিবাচক আশ্বাস পাওয়ায় শ্রমিকরা আশ্বস্ত হয়েছেন। জনদুর্ভোগের কথা বিবেচনা করে বাস চলাচল পুনরায় শুরু করা হয়েছে।
হঠাৎ শুরু হওয়া ধর্মঘট ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার হওয়ায় জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এর আগে বুধবার জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে স্থানীয় ‘ছাত্র-জনতা’র ব্যানারে রাজিব পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে আয়োজিত কর্মসূচি থেকে দুটি বাসে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় চালক ও সহকারীদের মারধর এবং টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে বুধবার রাতে অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় শ্রমিক ইউনিয়ন। এ ঘটনায় ব্যবস্থা নিতে মালিক সমিতির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এদিকে একই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিকদের হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।









