জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপলোডের সময় : Tuesday, September 22, 2026,

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
শাহ্ ফুজায়েল আহমদ, নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুর্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি রওনা হন। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা। প্রধানমন্ত্রীর প্রেসসচিবের তথ্য অনুযায়ী, ফ্লাইটটি সকাল ৬টা ৫ মিনিটে বিমানবন্দর ত্যাগ করে।
নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বক্তব্য দেবেন। তিনি ২৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বলে সরকারি সূত্র জানিয়েছে।
সফরসূচি অনুযায়ী, ২২ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্বাগত প্রাতঃরাশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। একই দিন জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী পর্বে যোগ দেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।
২৩ সেপ্টেম্বর জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক বৈষম্য ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক ও পার্শ্ব অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এ ছাড়া জাতিসংঘ মহাসচিব, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি, বিশ্বব্যাংক গ্রুপের সভাপতি এবং বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রীয় প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচিও রয়েছে।
পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের দেওয়া তথ্য অনুযায়ী, জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কারসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে।
২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার পাশাপাশি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত হুমকি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরের বিভিন্ন পর্যায়ে কুয়েত, পাকিস্তান, ভুটান, থাইল্যান্ড, ক্রোয়েশিয়া ও হাইতির সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচিও রয়েছে।
সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।