জমকালো আয়োজনে শেষ হলো ৯ দিনব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ নাট্যোৎসব
- আপলোডের সময় : Tuesday, September 15, 2026,

জমকালো আয়োজনে শেষ হলো ৯ দিনব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ নাট্যোৎসব
জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪
ঢাকা
ঢাকার ৪১৬ বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্দেশ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে আয়োজিত ৯ দিনব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ নাট্যোৎসবের দ্বিতীয় পর্ব শেষ হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালায় বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের পর্দা নামে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এতে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান। উৎসবের মুখ্য সমন্বয়ক ছিলেন প্রখ্যাত নাট্য অভিনেতা শাহ আলম।
উৎসবের প্রথম পর্ব গত ১৬ থেকে ২৩ আগস্ট পুরান ঢাকার সূত্রাপুরে জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরে ৬ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে দ্বিতীয় পর্ব শুরু হয়। এতে দেশের নয়টি নাট্যদল অংশ নেয়।
অংশগ্রহণকারী নাট্যদলগুলোর মধ্যে ছিল প্রাচ্যনাটের ‘কিনু কাহারের থেটার’, লোক নাট্যদল (বনানী) এর ‘কঞ্জুস’, ঢাকা পদাতিকের ‘ট্রায়াল অব সূর্যসেন’, বাঁশরী রেপার্টরি থিয়েটারের ‘আলেয়া’, আরণ্যক নাট্যদলের ‘কম্পানি’, থিয়েটার আর্ট ইউনিটের ‘আমিনা সুন্দরী’, তীরন্দাজ রেপার্টরির ‘কণ্ঠনালীতে সূর্য’, দৃষ্টিপাত নাট্যদলের ‘সে এক স্বপ্নের রাত’ এবং বাংলাদেশ থিয়েটারের ‘সী-মোরগ’।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, সিটি করপোরেশনের দায়িত্ব শুধু পরিচ্ছন্নতা কার্যক্রম বা কর আদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়। নগরবাসীর বিনোদনের সুযোগ তৈরি করা এবং ঢাকার সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরাও এর অন্যতম দায়িত্ব।
তিনি বলেন, ঢাকার ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণে ডিএসসিসির পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে লালকুঠিসহ ঐতিহাসিক স্থাপনাগুলো আগের রূপে ফিরিয়ে আনতে সংস্কারকাজ, শিক্ষার্থীদের জন্য ছুটির দিনে কার্জন হল, শহীদ মিনার, লালবাগ কেল্লা ও আহসান মঞ্জিলসহ ঐতিহাসিক স্থানে নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষাসফরের উদ্যোগ উল্লেখযোগ্য।
এ ছাড়া সাংস্কৃতিক সংগঠনগুলোর সুবিধার্থে ডিএসসিসির আওতাধীন মিলনায়তন ও কমিউনিটি সেন্টার ব্যবহারে বিশেষ ছাড় দেওয়ার ঘোষণাও দেন তিনি।
অনুষ্ঠান শেষে উৎসব সফল করতে ভূমিকা রাখা অংশগ্রহণকারী নাট্যদলগুলোর প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও উপহার তুলে দেন ডিএসসিসি প্রশাসক।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।