
শাহ্ ফুজায়েল আহমদ, নির্বাহী সম্পাদক:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত সমাপনী ও বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ আয়োজন সম্পন্ন হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং জগন্নাথপুর আর্ট স্কুলের সহযোগিতায় সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “পুষ্টির বৈষম্যের দিন শেষ, দেশ গড়ব স্বনির্ভর বাংলাদেশ।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জগন্নাথপুর শিল্পকলা একাডেমির প্রশিক্ষক কুশল কান্তি রায়। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কৃপেশ রঞ্জন রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসীন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মির্জা সাউদ সালেহ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহ্ ফুজায়েল আহমদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
বক্তারা সুস্থ জীবন গঠনে পুষ্টিকর খাদ্যের গুরুত্ব তুলে ধরে দেশীয় মাছ, ডিম, মুরগি ও শাকসবজি নিয়মিত খাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি ফাস্টফুড ও অতিরিক্ত তৈলাক্ত খাবার পরিহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমাপনী বক্তব্যে সভাপতি ডাঃ কৃপেশ রঞ্জন রায় সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে পুষ্টি বিষয়ে সচেতনতা আরও জোরদারের আহ্বান জানান।