
শাহ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের কীর্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে একটি ডিঙ্গি নৌকা ডুবে চারজন নিখোঁজ হওয়ার ঘটনায় অরুণ দেবনাথ (৪৫) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার পৌর এলাকার ভবানীপুর বৈঠাখালী সংলগ্ন মইয়ার হাওরে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন ভবানীপুর এলাকার অরুণ দেবনাথ (৪৫), অধির দেবনাথ (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২)। শনিবার (১ আগস্ট) উদ্ধার অভিযানের সময় অরুণ দেবনাথের মরদেহ উদ্ধার করা হয়। অপর তিনজনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, মইয়ার হাওরের বালুচল এলাকায় অনুষ্ঠিত একটি কীর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে ভবানীপুর এলাকার কয়েকজন বাসিন্দা ডিঙ্গি নৌকায় করে বাড়ি ফিরছিলেন। রাত প্রায় ৩টার দিকে বৈঠাখালী এলাকায় পৌঁছালে নৌকাটি হঠাৎ ডুবে যায়। এ সময় নৌকায় থাকা কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অরুণ দেবনাথ, অধির দেবনাথ, হেমেন্দ্র দেবনাথ ও সতীন্দ্র দেবনাথ নিখোঁজ হন।
শনিবার সকাল থেকে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয় এলাকাবাসী যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে অরুণ দেবনাথের মরদেহ উদ্ধার করা হয়। বাকি তিনজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নিখোঁজদের উদ্ধারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হচ্ছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সমন্বয়ে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে।
মর্মান্তিক এ নৌকাডুবির ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।