চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দৌড়ে বার্সাকে ফেভারিট মানছেন না রদ্রি
- আপলোডের সময় : Tuesday, September 15, 2026,

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দৌড়ে বার্সাকে ফেভারিট মানছেন না রদ্রি
ক্রীড়া প্রতিবেদক
আমার সকাল ২৪
ঢাকা
ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যোগ দিয়েই দলের মাঝমাঠের অন্যতম ভরসা হয়ে উঠেছেন স্প্যানিশ তারকা রদ্রি। টানা দুই মৌসুমে লা লিগা জিতলেও দীর্ঘ ১২ বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা না পাওয়ার আক্ষেপ রয়েছে কাতালান ক্লাবটির। ইউরোপের শীর্ষ মঞ্চে নিজেদের অবস্থান পুনরুদ্ধারের লক্ষ্যে ৩০ বছর বয়সী এই মিডফিল্ডারকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। খবর গোলডটকমের।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে রদ্রি স্পষ্ট জানিয়েছেন, এখনই বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ফেভারিট ভাবা ঠিক হবে না। ইউরোপসেরা হওয়ার দৌড়ে বার্সেলোনাকে আরও কয়েক ধাপ এগোতে হবে বলে মনে করেন স্পেনের অধিনায়ক।
রদ্রি বলেন, চ্যাম্পিয়ন্স লিগ জেতা বার্সেলোনার জন্য বাস্তবসম্মত লক্ষ্য হলেও দলটিকে এখনই এই টুর্নামেন্টের ফেভারিট বলা যায় না। ইউরোপের সেরা হওয়ার জন্য দলের কিছু ঘাটতি এখনো কাটিয়ে উঠতে হবে।
সাম্প্রতিক বছরগুলোতে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে শেষ মুহূর্তের ভুল, লাল কার্ড কিংবা রক্ষণভাগের ব্যর্থতায় বার্সেলোনাকে বিদায় নিতে হয়েছে। রদ্রির মতে, ইউরোপের সেরা হতে শুধু আক্রমণাত্মক ফুটবল খেললেই হবে না; কঠিন পরিস্থিতিতে ম্যাচ নিয়ন্ত্রণে রাখার সক্ষমতাও থাকতে হবে।
তিনি বলেন, চ্যাম্পিয়ন্স লিগে সবসময় সেরা দলই যে চ্যাম্পিয়ন হয়, তা নয়। ম্যাচের ছোট ছোট মুহূর্ত নিয়ন্ত্রণে রাখাই এখানে গুরুত্বপূর্ণ। আক্রমণে খুব বেশি উজ্জ্বল না হলেও দলকে আরও সংহত ও ধারাবাহিক হতে হবে। এ জায়গায় বার্সেলোনার আরও উন্নতির সুযোগ রয়েছে।
ম্যানচেস্টার সিটিতে দীর্ঘ সময়ের লড়াইয়ের পর ইউরোপসেরার হওয়ার অভিজ্ঞতা রয়েছে রদ্রির। সেই অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, বড় শিরোপা জিততে হলে ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার বিকল্প নেই।
রদ্রি বলেন, বড় কিছু জেতার আগে হারতে হয় এবং সেই হার থেকে শিখতে হয়। ম্যানচেস্টার সিটিতে শিরোপা জেতার আগে তিনিও বহুবার ব্যর্থ হয়েছেন। এসব অভিজ্ঞতার মধ্য দিয়েই খেলোয়াড়েরা প্রতি বছর আরও পরিণত হয়ে ওঠেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।