চৌমুহনীতে ডিবির অভিযানে ৪০ পিস ইয়াবাসহ চারজন আটক
- আপলোডের সময় : Wednesday, September 16, 2026,

চৌমুহনীতে ডিবির অভিযানে ৪০ পিস ইয়াবাসহ চারজন আটক
মোঃ আবু সালেহ রিয়াজ
স্টাফ রিপোর্টার, আমার সকাল ২৪
নোয়াখালী
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় মাদক ব্যবসা ও অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে তিন পুরুষ ও এক নারীকে আটক করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) রাত ৯টা ৫০ মিনিটের দিকে চৌমুহনী পৌরসভার নরোত্তমপুর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের সুতার বাড়ির রাস্তার পাশে আমিন ভিলা নামের একটি ভবনের তৃতীয় তলায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. ওসমান গনির নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে মো. সাহাব উদ্দিন (৪৮), মাহবুবুর রহমান সুজন (৩৮), মো. ফয়সাল (৩৫) এবং এক নারীকে আটক করা হয়। পরে ওই নারীর দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
আটক সাহাব উদ্দিনের বাড়ি চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকায়। মাহবুবুর রহমান সুজন ও মো. ফয়সালের বাড়িও বেগমগঞ্জ উপজেলার হাজীপুর এলাকায় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্টদের আদালতে পাঠানো হয়েছে।
তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।