চাঁদাবাজি বন্ধ করা গেলে দ্রব্যমূল্য কমবে: এটিএম আজহার
- আপলোডের সময় : Tuesday, September 15, 2026,

চাঁদাবাজি বন্ধ করা গেলে দ্রব্যমূল্য কমবে: এটিএম আজহার
নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জ
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ঈদের সময় সাধারণত জিনিসপত্রের দাম বাড়ে, কিন্তু এখন কেন বাড়ছে, তা ভাবতে হবে। চাঁদাবাজি বন্ধ করা গেলে দ্রব্যমূল্য কমে যাবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে গণভোটের রায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে ১৯ মার্চের ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচি ঘোষণাকালে তিনি এসব কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘আসতে চাঁদা, যাইতে চাঁদা। চাঁদাবাজি বন্ধ করা গেলে দ্রব্যমূল্য কমে যাবে।’
সারের সংকট নিয়ে তিনি বলেন, সার গুদামে রয়েছে, কিন্তু কৃষক পাচ্ছেন না। অথচ পতিত সরকারের নেতার বাসায় সার পাওয়া যাচ্ছে। সরকারের গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, ১৪ থেকে ১৬ বছরে গোয়েন্দা বাহিনী বিভিন্ন বৈঠক ও কর্মকাণ্ডের তথ্য বের করতে পারলেও এখন কেন তা পারছে না, নাকি তাদের তা করতে দেওয়া হচ্ছে না।
জামায়াতের এই নেতা অভিযোগ করেন, বিএনপি গণভোটের শপথ না নিয়ে এবং গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। সংসদে জনগণের গণরায় বাস্তবায়নের দাবি জানিয়ে তারা একাধিকবার ওয়াক আউট করেছেন বলেও উল্লেখ করেন তিনি। সরকার তাদের দাবি আমলে না নেওয়ায় বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন বলে জানান।
বিগত ১৬ বছরে জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি নির্যাতিত দল ছিল দাবি করে এটিএম আজহারুল ইসলাম বলেন, দলের একাধিক শীর্ষ নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে এবং কারাগারে হত্যা করা হয়েছে। পতনের দুই দিন আগে তাদের নিষিদ্ধ করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। তবে তার ভাষ্য, যারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করত, শেষ পর্যন্ত তাদেরই দেশ ছেড়ে পালাতে হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংসদের বিরোধীদলীয় হুইপ ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরী আমির আবিদুর রহমান সোহেল, সিরাজগঞ্জ জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা শাহিনুর আলম, সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি জেনারেল মুহাম্মদ জাহিদুল ইসলাম, পাবনা জেলা নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাজগঞ্জ জেলা আমির মুফতি আব্দুর রউফ এবং এনসিপি সিরাজগঞ্জ জেলার সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতারা।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।