চবিতে যুক্ত হচ্ছে আরও ১০ নতুন বাস, কমবে শিক্ষক-শিক্ষার্থীদের পরিবহন সংকট
- আপলোডের সময় : Tuesday, August 25, 2026,

চবিতে যুক্ত হচ্ছে আরও ১০ নতুন বাস, কমবে শিক্ষক-শিক্ষার্থীদের পরিবহন সংকট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসন এবং শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা সহজ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন বহরে যুক্ত হচ্ছে আরও ১০টি নতুন বাস।
সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে স্বেচ্ছাসেবী সংস্থা জসিম উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব বাস উপহার দেওয়ার জন্য একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার খন্দকার মোয়াজ্জেম হোসেন। চুক্তি অনুযায়ী, ১০টি বাসের মধ্যে দুটি শিক্ষক, চারটি ছাত্র এবং চারটি ছাত্রীদের যাতায়াতের জন্য ব্যবহৃত হবে।
চুক্তিতে জসিম উদ্দিন ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্যবসায়ী আলহাজ মো. জসিম উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া বলেন, শুরুতে ছয়টি বাস দেওয়ার কথা থাকলেও বৈঠকে ফাউন্ডেশনের চেয়ারম্যান আরও চারটি বাস দেওয়ার ঘোষণা দেন। ফলে মোট ১০টি নতুন বাস পাওয়া যাবে। বাসগুলো বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর পর কোন কোন রুটে চলাচল করবে, তা নির্ধারণ করা হবে।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের জন্য চারটি করে আলাদা বাস থাকবে ছাত্র ও ছাত্রীদের জন্য।
জসিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন দুর্ভোগ লাঘব করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ১০টি নতুন বাস যুক্ত হলে শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি অনেকাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এ উদ্যোগকে বিশ্ববিদ্যালয়ের জন্য ঐতিহাসিক ও স্মরণীয় দিন হিসেবে উল্লেখ করেন। তিনি জসিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ মো. জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জোবায়ের উদ্দিন, পরিচালক মোহাম্মদ মোখতার আহমদসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান










