গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা ১ হাজার টাকা
- আপলোডের সময় : Monday, August 31, 2026,

গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা ১ হাজার টাকা
মুহঃ কাওসার আলী
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রধান ফটকের সামনে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (৩০ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের প্রধান ফটকের সামনে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে জনসাধারণের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা স্থাপনা ও মালামাল সরিয়ে দেওয়া হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বোয়ালিয়া ভূমি অফিস পরিদর্শন করেন। পরে তিনি ‘ম্যাংগো এগ্রো ফার্ম’ পরিদর্শন করে খামারটির বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেন।
এ সময় ইউএনও মো. জিল্লুর রহমান বলেন, সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









