গৃহবধূ সাথী হত্যার অভিযোগ, চার্জশিট বাতিল ও পুনঃতদন্তের দাবি
- আপলোডের সময় : Friday, August 28, 2026,

গৃহবধূ সাথী হত্যার অভিযোগ, চার্জশিট বাতিল ও পুনঃতদন্তের দাবি
শাহিন আলম হৃদয়, বিশেষ প্রতিনিধি, জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে গৃহবধূ সাথী আক্তারকে যৌতুকের দাবিতে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের দাখিল করা চার্জশিট বাতিল করে পিবিআই (PBI) বা সিআইডির (CID) মাধ্যমে মামলাটি পুনঃতদন্তের দাবি জানিয়েছে নিহতের পরিবার।
শুক্রবার (২৮ আগস্ট) জামালপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহত সাথী আক্তারের বাবা মো. সাইদুর রহমান লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন।
সাইদুর রহমানের দাবি, মাদারগঞ্জ উপজেলার নব্যচর গ্রামের শাহ জামালের ছেলে সবা শেখের সঙ্গে তার মেয়ে সাথী আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিন লাখ টাকা যৌতুকের দাবিতে সাথীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো বলে অভিযোগ করেন তিনি।
পরিবারের দাবি, নির্যাতন সহ্য করতে না পেরে গত ১০ এপ্রিল সাথী বাবার বাড়িতে চলে আসেন। পরে ১৩ এপ্রিল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন সেখানে গিয়ে তাকে মারধর করে হত্যা করেন এবং ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করেন বলে অভিযোগ পরিবারের।
নিহতের পরিবারের আরও অভিযোগ, ঘটনার পর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফুল অনৈতিক সুবিধা নিয়ে মূল আসামিসহ কয়েকজনকে চার্জশিট থেকে বাদ দিয়েছেন। একই সঙ্গে মামলার এক আসামিকে সাক্ষী হিসেবে দেখানো এবং আলামত গোপন করে ‘আত্মহত্যার প্ররোচনা’র অভিযোগে চার্জশিট দেওয়ার অভিযোগও করা হয়।
সাইদুর রহমান বলেন, “ঘটনাস্থলের ছবিতে সাথীর দুই হাতের কবজি ভাঙা, পা মাটিতে ঠেকানো এবং মাথার চুলের খোঁপার সঙ্গে ওড়না পেঁচানো দেখা গেছে। আমাদের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।”
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, বর্তমানে জামিনে থাকা আসামিরা তাদের পরিবারকে প্রাণনাশের হুমকি, বাড়িঘর ভাঙচুর এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখাচ্ছেন। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় রয়েছে বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলন থেকে নিহতের পরিবার তিন দফা দাবি জানায়। দাবিগুলো হলো—
১. পুলিশের দাখিল করা বিতর্কিত চার্জশিট বাতিল করা।
২. পিবিআই বা সিআইডির মতো নিরপেক্ষ সংস্থার মাধ্যমে মামলাটি পুনঃতদন্ত করা।
৩. হত্যাকাণ্ডে জড়িতদের পাশাপাশি তদন্তে অনিয়মের অভিযোগ ওঠা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এবং সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে নিহতের পরিবার।
সংবাদ সম্মেলনে নিহত সাথী আক্তারের স্বজন ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।










