গুরুদাসপুরে অবৈধ সুতি জাল জব্দ, বাঁশের বাঁধ ধ্বংস
- আপলোডের সময় : Thursday, September 10, 2026,

গুরুদাসপুরে অবৈধ সুতি জাল জব্দ, বাঁশের বাঁধ ধ্বংস
মোঃ হেলাল হাসান
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি, আমার সকাল ২৪
নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের হরদমা ও সাবগাড়ি বেসানী এলাকায় আত্রাই নদীতে অভিযান চালিয়ে অবৈধ সুতি জাল জব্দ ও বাঁশের বাঁধের অবকাঠামো ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৯ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে নদীতে মাছ শিকারের জন্য স্থাপন করা অবৈধ সুতি জাল জব্দ করে অপসারণ করা হয়। একই সঙ্গে সুতি জাল স্থাপনে ব্যবহৃত বাঁশের বাঁধের বিভিন্ন অবকাঠামো ধ্বংস করা হয়। এ সময় চায়নাদুয়ারী জাল ২০টি, কারেন্ট জাল ৫ হাজার মিটার এবং সুতি জাল ৪টি জব্দ করে চাঁচকৈড় বাঁশহাটা নন্দকুজা নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ইউএনও ফাহমিদা আফরোজের দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। অভিযানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা। এ সময় থানাপুলিশের একটি দল, ভূমি অফিস ও মৎস্য অফিসের সহকারীরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে ঘটনাস্থলে অবৈধ সুতি জাল পরিচালনার সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি।
সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম বলেন, “অবৈধ সুতি জালের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলবে। সকল অবৈধ সুতি জাল জব্দ করে অপসারণ করা হবে। পাশাপাশি কারা এসব অবৈধ সুতি পরিচালনা করছেন, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ও জলাশয়ে অবৈধভাবে মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।