গান্ধীর ৬৮৮ হাতে লেখা বার্তা বিক্রি ১৬ কোটি ২০ লাখ রুপিতে
- আপলোডের সময় : Tuesday, August 25, 2026,

গান্ধীর ৬৮৮ হাতে লেখা বার্তা বিক্রি ১৬ কোটি ২০ লাখ রুপিতে
মহাত্মা গান্ধীর হাতে লেখা ৬৮৮টি দুর্লভ বার্তা ভারতের এক নিলামে রেকর্ড ১৬ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছে। প্রায় ১২ লাখ ব্রিটিশ পাউন্ডে বিক্রি হওয়া এ সংগ্রহ কোনো ভারতীয় ঐতিহাসিক নথি নিলামে বিক্রির ক্ষেত্রে বিশ্বরেকর্ড বলে জানিয়েছে নিলাম প্রতিষ্ঠান স্যাফরনআর্ট।
বার্তাগুলো গান্ধী তার ঘনিষ্ঠ সহযোগী ও স্বাধীনতা আন্দোলনের সহযোদ্ধা আনন্দ টি হিঙ্গোরানিকে উদ্দেশ করে লিখেছিলেন। ১৯৪৪ সালের ২০ নভেম্বর থেকে ১৯৪৬ সালের ১০ অক্টোবরের মধ্যে এসব বার্তা লেখা হয়।
আনন্দ হিঙ্গোরানির স্ত্রী বিদ্যার মৃত্যুর পর তিনি গভীর শোক ও একাকিত্বে ভুগছিলেন। একই সময়ে কানের সমস্যার জন্য প্রাকৃতিক চিকিৎসাও নিচ্ছিলেন তিনি। বন্ধুর কঠিন সময়ে পাশে দাঁড়াতে গান্ধী প্রতিদিন নিজের হাতে ছোট ছোট উপদেশ ও ভাবনা লিখে পাঠাতেন। পরে এসব বার্তা সংকলন করে ‘আ থট ফর দ্য ডে’ নামে বই প্রকাশ করা হয়।
নিলামের আগে ৬৮৮টি বার্তার মূল্য ১৫ থেকে ২৫ কোটি রুপি নির্ধারণ করা হয়েছিল। শেষ পর্যন্ত সেগুলো বিক্রি হয় ১৬ কোটি ২০ লাখ রুপিতে।
নিলামে গান্ধীর আরও কয়েকটি ঐতিহাসিক সামগ্রী বিক্রি হয়েছে। ‘মেসেজ অন গড’ নামে তিনটি পাণ্ডুলিপি ও চিঠির সংগ্রহ বিক্রি হয় ১ কোটি ৬৮ লাখ রুপিতে। চরকা ও সংশ্লিষ্ট দুটি চিঠি বিক্রি হয়েছে ১ কোটি ২ লাখ রুপিতে।
এ ছাড়া গান্ধীর সই করা একটি ছবি ৭৮ লাখ রুপি এবং অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে লেখা চিঠি ও পোস্টকার্ডের সংগ্রহ ৫৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।