
শাহরিয়া নাজীম
কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি তৈরি পোশাক কারখানায় সরবরাহকৃত পানি পান করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তিন শতাধিক শ্রমিক। তাদের মধ্যে অধিকাংশই নারী। অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও চিকিৎসাধীন শ্রমিকদের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে কারখানায় এসে নিজ নিজ কাজে যোগ দেন শ্রমিকরা। কাজ শুরুর কিছু সময় পর তারা কারখানার সরবরাহকৃত পানি পান করেন। এরপর ধীরে ধীরে কয়েকজন শ্রমিকের মধ্যে মাথা ঘোরা, বমিভাব এবং শারীরিক অসুস্থতার লক্ষণ দেখা দিতে থাকে।
প্রথমে কারখানার একটি ফ্লোরের কয়েকজন শ্রমিক আক্রান্ত হলেও অল্প সময়ের মধ্যেই অন্যান্য ফ্লোরে একই ধরনের উপসর্গ দেখা দেয়। একপর্যায়ে অনেক শ্রমিক কর্মস্থলেই অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকজন অচেতন হয়ে যান। পরিস্থিতির দ্রুত অবনতি হলে সহকর্মীরা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।
শ্রমিকদের দাবি, তারা প্রতিদিন যে পানি পান করেন, বৃহস্পতিবারও একই উৎসের পানি পান করেছিলেন। তবে পানি পানের কিছুক্ষণের মধ্যেই অসংখ্য শ্রমিকের মধ্যে অস্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়া দেখা দেয়। এতে পুরো কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে, বিপুলসংখ্যক শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় স্থানীয় হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে যায়। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন জানান, সকাল সাড়ে ১০টার পর থেকে ধারাবাহিকভাবে অসুস্থ শ্রমিকদের হাসপাতালে আনা হচ্ছে। রোগীর সংখ্যা বেশি হওয়ায় স্থান সংকুলান করতে হিমশিম খেতে হচ্ছে। তবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করছেন।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। পানি পরীক্ষাসহ সার্বিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।