গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চার বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
- আপলোডের সময় : Friday, August 7, 2026,

গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চার বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
উদ্ধারকারী ট্রেন পাঠানোর প্রস্তুতি; বিকল্প পথে ট্রেন চলাচলের উদ্যোগ রেলওয়ের
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল প্রায় ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন।
তিনি জানান, প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ৫২ ডাউন জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে হঠাৎ বিকট শব্দ হয়। এরপর ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার পর ট্রেনটি থেমে যায় এবং রেলপথে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য রিলিফ (উদ্ধারকারী) ট্রেন ডাকা হয়েছে। লাইনচ্যুত বগিগুলো দ্রুত উদ্ধার করে রেলপথ সচল করার প্রস্তুতি চলছে।
দুর্ঘটনার কারণে ঢাকা থেকে ময়মনসিংহ এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে দুই দিকের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প পথে ট্রেন চলাচলের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর লাইনচ্যুত বগিগুলো সরিয়ে দ্রুত রেলপথ সচল করার চেষ্টা করা হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে।









