গণমাধ্যমকর্মীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, সমালোচনায় নায়লা ইসলাম
- আপলোডের সময় : Saturday, August 15, 2026,

গণমাধ্যমকর্মীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, সমালোচনায় নায়লা ইসলাম
ফজলে রাব্বি পাপপু
উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তথ্য সংগ্রহ করতে গিয়ে একজন গণমাধ্যমকর্মীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী মহিলা দলের বহিষ্কৃত নেত্রী নায়লা ইসলামের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সমালোচনা ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি জালাল উদ্দিন মনির নায়লা ইসলামের রাজনৈতিক অবস্থান ও দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ বিষয়ে তথ্য জানতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় প্রথমে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান। পরে ফোন করলে নিজের পরিচয় দেওয়ার পর নায়লা ইসলাম তার সঙ্গে অশালীন ভাষায় কথা বলেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, কথোপকথনের একপর্যায়ে নায়লা ইসলাম বিভিন্ন ব্যক্তিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। পরে তিনি জালাল উদ্দিন মনিরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য সম্বলিত একটি পোস্ট দেন বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনার পর জালাল উদ্দিন মনির কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। অডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
এদিকে, নায়লা ইসলাম ২০২৫ সালের ২২ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্যপদ, প্রাথমিক সদস্যপদ এবং দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কৃত হন। দলীয় নিয়ম, নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই সিদ্ধান্ত জানানো হয়।
স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, বহিষ্কারাদেশ প্রত্যাহার বা স্থগিতের কোনো ঘোষণা না থাকলেও নায়লা ইসলাম পুনরায় বিএনপির ব্যানারে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন, যা নিয়ে নবীনগরে আলোচনা-সমালোচনা চলছে।
তবে এ বিষয়ে নায়লা ইসলামের বক্তব্য জানা সম্ভব হয়নি। ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য দেননি।









