খুলনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম
- আপলোডের সময় : Tuesday, August 25, 2026,

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম
খুলনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও মশক নিধন কার্যক্রম শুরু করেছে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল। জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুলের নির্দেশনায় এ কর্মসূচি নেওয়া হয়।
রোববার (২৩ আগস্ট) বিকেলে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বিহারী কলোনি মোড় থেকে কর্মসূচির উদ্বোধন করা হয়। খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইস্তির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা।
কর্মসূচির আওতায় নগরীর বিভিন্ন এলাকায় জমে থাকা পানি, ড্রেন, নালা-নর্দমা ও মশার সম্ভাব্য প্রজননস্থলে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে নগরবাসীকে সচেতন করা হয়।
নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশন বা প্রশাসনের ওপর নির্ভর না করে ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিচ্ছন্নতা ও জনসচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়।
কর্মসূচিতে খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুনতাসির আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে নগরবাসীর কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।