ক্ষেতলালে ইউপি সদস্যকে ছুরিকাঘাতের অভিযোগ, পাল্টা দাবি অভিযুক্তের
- আপলোডের সময় : Thursday, September 3, 2026,

ক্ষেতলালে ইউপি সদস্যকে ছুরিকাঘাতের অভিযোগ, পাল্টা দাবি অভিযুক্তের
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলালে মনোয়ার হোসেন নামে এক ইউপি সদস্যকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে শরিফুল ইসলাম সুমনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পৌর এলাকার বটতলী বাজারে এ ঘটনা ঘটে।
আহত মনোয়ার হোসেন উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। বর্তমানে তিনি ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন মনোয়ার হোসেন জানান, তিনি জয়পুরহাট থেকে বেগুন বিক্রি করে ক্ষেতলালের দিকে ফিরছিলেন। বটতলী বাজারে পৌঁছালে তার পথরোধ করে ছুরি দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হামলায় তার ডান পাশের পিঠ, গলা ও হাতে জখম হয়েছে। পিঠের ক্ষতস্থানে কয়েকটি সেলাই দিতে হয়েছে বলেও জানান তিনি।
মনোয়ার হোসেনের অভিযোগ, জমিসংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
তিনি আরও দাবি করেন, এর আগে তাকে দুটি মামলায় আসামি করা হয়েছিল এবং বর্তমানে তিনি সেসব মামলায় জামিনে রয়েছেন। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা চান তিনি।
তবে ছুরিকাঘাতের অভিযোগ অস্বীকার করেছেন শরিফুল ইসলাম সুমন। তিনি বলেন, জমিসংক্রান্ত বিষয় নিয়ে তার চাচাতো ভাই মনোয়ার হোসেনের সঙ্গে তাদের বিরোধ রয়েছে। এ বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে।
সুমনের দাবি, কিছুদিন আগে তিনি মনোয়ার হোসেনের বিরুদ্ধে একটি মামলা করেন। পরে মনোয়ার তার বাবাকে মারধর করেন। এরপর বৃহস্পতিবার তাকে মারধরের উদ্দেশ্যে মনোয়ার চাকু নিয়ে আসেন। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে মনোয়ারের হাতে থাকা চাকুর আঘাতেই তিনি আহত হন।
এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, ইউপি সদস্যকে ছুরিকাঘাতের বিষয়ে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে। আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।