
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের রুমা উপজেলায় পাহাড়ি সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। স্থানীয়দের নিরাপত্তা নির্দেশনা উপেক্ষা করে মোটরসাইকেলে কেওক্রাডং ভ্রমণে যাওয়ার পর ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (৩১ জুলাই) ভোররাতে রুমা উপজেলার বগালেক-কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভোলা জেলার মানিকান হাট এলাকার বাসিন্দা জহির উদ্দিনের ছেলে মো. জামির উদ্দিন (৩২) এবং ঢাকার লালবাগ এলাকার বাসিন্দা চুন্নু গাজীর মেয়ে রোকেয়া আক্তার (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ সদস্যের একটি পর্যটক দল বগালেক পর্যটন এলাকায় বেড়াতে আসে। তাদের মধ্যে আটজন রাতে বগালেকের একটি কটেজে অবস্থান করলেও জামির উদ্দিন ও রোকেয়া আক্তার সন্ধ্যার দিকে মোটরসাইকেলে করে কেওক্রাডংয়ের উদ্দেশ্যে রওনা হন।
কেওক্রাডং থেকে ফেরার পথে পেঁপে বাগান সংলগ্ন একটি খাড়া ও আঁকাবাঁকা পাহাড়ি সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারা গভীর খাদে পড়ে নিখোঁজ হন।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাতভর তল্লাশি চালিয়ে বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন একটি গভীর খাদ থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।