
পটুয়াখালী প্রতিনিধি
বন্ধুদের সঙ্গে কুয়াকাটা সমুদ্রসৈকত ভ্রমণ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক কলেজ শিক্ষার্থী। বৃষ্টির মধ্যে চলার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের নিচে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ৬টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের খলিশাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ হাওলাদার (২৩) মাদারীপুরের শিবচর পৌরসভার বাসিন্দা শাহিন হাওলাদারের একমাত্র ছেলে এবং সরকারি বরহামগঞ্জ কলেজের শিক্ষার্থী ছিলেন।
স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, গত বুধবার (২৯ জুলাই) জাহিদসহ আট বন্ধু চারটি মোটরসাইকেলে করে কুয়াকাটায় বেড়াতে যান। শুক্রবার সকালে শিবচরের উদ্দেশ্যে রওনা হওয়ার পর পথে প্রবল বৃষ্টি শুরু হলে তারা খলিশাখালী এলাকায় একটি গাছের নিচে আশ্রয় নেন।
পরে বৃষ্টি কিছুটা কমলে আবার যাত্রা শুরু করেন। এ সময় জাহিদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ‘গ্রীন লাইন পরিবহন’-এর একটি বাসের নিচে চলে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।