
ফরহাদ হোসেন রাজ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে একটি মালবাহী ট্রাক উল্টে হাইওয়ে পুলিশের একটি পিকআপের ওপর পড়লে ডিউটিরত পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক পুলিশ সদস্য জাকির মিয়া।
সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ মিয়া হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তিনি ভৈরব হাইওয়ে থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জগামী কুড়া-ভূসি বোঝাই একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-০৮৪৬) দ্বাড়িয়াকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যানবাহনকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভৈরব হাইওয়ে থানার একটি পিকআপ ভ্যানের (ঢাকা মেট্রো-ঠ ১২-৪৯) ওপর উল্টে পড়ে। এতে পিকআপের ভেতরে থাকা কনস্টেবল পারভেজ ঘটনাস্থলেই নিহত হন এবং অপর পুলিশ সদস্য আহত হন।
খবর পেয়ে কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ভৈরব ফায়ার সার্ভিস, কুলিয়ারচর থানা পুলিশ এবং স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেন। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং নিহত কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়।
কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইলিয়াস ভূঁইয়া জানান, দুর্ঘটনার পর ট্রাকের মালামাল সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, ডিউটিরত অবস্থায় কনস্টেবল পারভেজ মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও হাইওয়ে পুলিশের পিকআপ জব্দ করে থানার হেফাজতে রাখা হয়েছে।