কাউন্টি চ্যাম্পিয়নশিপে পরপর দুই বলে দুই উইকেট হাসানের
- আপলোডের সময় : Thursday, September 3, 2026,

কাউন্টি চ্যাম্পিয়নশিপে পরপর দুই বলে দুই উইকেট হাসানের
ক্রীড়া প্রতিবেদক
কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। কেন্টের হয়ে পরপর দুই বলে দুই উইকেট শিকার করেছেন ডানহাতি এই পেসার। তার বোলিং নৈপুণ্যে প্রথম দিন শেষে ২ উইকেটে ৮০ রান সংগ্রহ করেছে উস্টারশায়ার।
ক্যান্টারবারিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে কেন্ট। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৩৮ রান করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন ড্যানিয়েল বেল-ড্রামন্ড। ব্যাট হাতে হাসান মাহমুদ অপরাজিত থাকেন। ৬ বলে করেন ৪ রান। উস্টারশায়ারের হয়ে টম টেলর নেন ৩ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে উস্টারশায়ারের দুই ওপেনার ড্যানিয়েল লেটগান ও জ্যাক লিব্বি শুরুতে দ্রুত রান তুলছিলেন। তবে ইনিংসের ষষ্ঠ ওভারে বল হাতে জোড়া আঘাত হানেন হাসান মাহমুদ।
প্রথমে দুর্দান্ত এক ডেলিভারিতে জ্যাক লিব্বির স্টাম্প ভেঙে দেন তিনি। পরের বলেই রেহান এডভালথকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন বাংলাদেশের এই পেসার।
এরপর আর কোনো উইকেট নিতে পারেনি কেন্ট। দিনের খেলা শেষে উস্টারশায়ারের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৮০ রান। হাসান মাহমুদের পরপর দুই বলে দুই উইকেটই ছিল দিনের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা।










