কলকাতার চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘সম্পর্ক’র সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার
- আপলোডের সময় : Tuesday, August 25, 2026,

কলকাতার চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘সম্পর্ক’র সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার
কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়েছে ১১তম দুর্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২২টি দেশের ১০২টি চলচ্চিত্র নিয়ে আয়োজিত এ উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘সম্পর্ক’।
প্রয়াত কবি তারেক মাহমুদের কবিতা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জীবন শাহাদাৎ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘সম্পর্ক’ টিমের হয়ে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা টালিউড অভিনেতা সুদীপ মুখার্জি।
আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশের চলচ্চিত্রের এমন স্বীকৃতিতে উচ্ছ্বসিত নির্মাতা জীবন শাহাদাৎ। পুরস্কার অর্জনের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘পুরস্কার অর্জন নিঃসন্দেহে সম্মানিত অনুভব করায়। একই সঙ্গে এটি দায়িত্বও বাড়িয়ে দেয়। চলচ্চিত্রের মাধ্যমে দেশ-বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য সম্মানের ও গর্বের।’
তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে মৈত্রীপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে সাংস্কৃতিক মেলবন্ধন ইতিবাচক ভূমিকা রাখতে পারে।’
এর আগে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালসহ দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘সম্পর্ক’। এসব উৎসবেও দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে চলচ্চিত্রটি।
দুর্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ‘সম্পর্ক’র সাফল্যের তালিকায় যুক্ত হলো আরও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।










