কমলনগরে কমিউনিটি ক্লিনিকে দুর্ধর্ষ চুরি, গুরুত্বপূর্ণ সরঞ্জাম লুট
- আপলোডের সময় : Thursday, September 3, 2026,

কমলনগরে কমিউনিটি ক্লিনিকে দুর্ধর্ষ চুরি, গুরুত্বপূর্ণ সরঞ্জাম লুট
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে আবুয়াল হোসেন তালুকদার কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে পাটোয়ারীর হাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত ক্লিনিকটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকালে ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি কামরুল আহসান দরজার তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান তিনি। বিষয়টি স্থানীয়দের জানানো হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, চুরি হওয়া মালামালের মধ্যে চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ সরঞ্জাম, ল্যাপটপ, আইপিএসের ব্যাটারি, ওয়াই-ফাই রাউটারসহ অন্যান্য সামগ্রী রয়েছে। তবে চুরি হওয়া মালামালের সঠিক তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা হচ্ছে।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, কমিউনিটি ক্লিনিকে চুরির খবর শুনে তিনি ব্যথিত হয়েছেন। এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত জড়িতদের আইনের আওতায় আনবে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম বলেন, কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা সম্পর্কে তিনি অবগত হয়েছেন। এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।