ওভারটেক করতে গিয়ে সড়কে ঝরল যুবকের প্রাণ
- আপলোডের সময় : Friday, August 7, 2026,

ওভারটেক করতে গিয়ে সড়কে ঝরল যুবকের প্রাণ
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবল উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাজিম মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু রায়হান মিয়া (২৫)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল সড়কের কামাইছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজিম মিয়া উপজেলার সাতকাপন ইউনিয়নের মহিষদুলং গ্রামের আব্দুস সহিদের ছেলে। আহত রায়হান মিয়া একই গ্রামের সাহিদ মিয়ার ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দুই বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বের হন। বিকেল সাড়ে ৫টার দিকে কামাইছড়া এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি যানবাহন ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে ছিটকে পড়েন। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই নাজিম মিয়ার মৃত্যু হয়।
নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই উজ্জ্বল চৌধুরী।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার বলেন, দুর্ঘটনার বিষয়টি পুলিশ জেনেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।










