এসএসসি ২০২৬: কোন বোর্ডে পাসের হার কত
- আপলোডের সময় : Monday, August 10, 2026,

এসএসসি ২০২৬: কোন বোর্ডে পাসের হার কত
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশ। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪.০৫ শতাংশ, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৫৫.৪৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৫৮.২০ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে দেশের সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।
মন্ত্রী জানান, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। আর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
গত বছরের তুলনায় এবার ফলাফলে কিছুটা অবনতি হয়েছে। ২০২৫ সালে গড় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ, যা এবার কমে ৬২.২৫ শতাংশে নেমে এসেছে। একইভাবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন, যা এবার কমে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জনে দাঁড়িয়েছে।
কোন বোর্ডে পাসের হার কত
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বিভিন্ন শিক্ষা বোর্ডে পাসের হার নিম্নরূপ—
- ঢাকা শিক্ষা বোর্ড: ৭১.৬৩%
- যশোর শিক্ষা বোর্ড: ৬৬.২৭%
- কুমিল্লা শিক্ষা বোর্ড: ৬৫.৪২%
- রাজশাহী শিক্ষা বোর্ড: ৬৩.৬৭%
- বরিশাল শিক্ষা বোর্ড: ৬০.৩৫%
- চট্টগ্রাম শিক্ষা বোর্ড: ৫৯.৪৮%
- সিলেট শিক্ষা বোর্ড: ৫৮.৩৩%
- কারিগরি শিক্ষা বোর্ড: ৫৮.২০%
- দিনাজপুর শিক্ষা বোর্ড: ৫৮.০৫%
- ময়মনসিংহ শিক্ষা বোর্ড: ৫৭.৩৯%
- মাদ্রাসা শিক্ষা বোর্ড: ৫৫.৪৯%
ফলাফলে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ ৭১.৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, আর মাদ্রাসা শিক্ষা বোর্ডে সর্বনিম্ন পাসের হার ৫৫.৪৯ শতাংশ।
ফল জানা যাচ্ছে যেভাবে
পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারছেন। ফল দেখা যাচ্ছে—
- eduboardresults.gov.bd
- educationboardresults.gov.bd
এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: SSC DHA 123456 2026
এ ছাড়া ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাচ্ছে।
মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থীরা Dakhil MAD 123456 2026 এবং কারিগরি বোর্ডের পরীক্ষার্থীরা SSC TEC 123456 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফল জানতে পারবেন।
এবার পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন। প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল শিট পেতে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে গিয়ে প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করতে হবে।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে, আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত পরীক্ষা শেষ হয় ২৪ মে। এবার পরীক্ষায় অংশ নিতে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী।










