ঋণ পরিশোধেই রয়্যাল ফুটওয়্যারকে পুঁজিবাজারে আনছে পিবিআইএল
- আপলোডের সময় : Monday, August 24, 2026,

ঋণ পরিশোধেই রয়্যাল ফুটওয়্যারকে পুঁজিবাজারে আনছে পিবিআইএল
পুঁজিবাজারের এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হতে যাচ্ছে জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়্যাল ফুটওয়্যার। কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের মাধ্যমে কোম্পানিটি সংগ্রহ করবে ১২ কোটি টাকা। তবে এর মধ্যে ৮ কোটি টাকা, অর্থাৎ ৬৬ দশমিক ৬৭ শতাংশই ব্যয় করা হবে ব্যাংকঋণ পরিশোধে।
গত ১৪ জুলাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশন সভায় রয়্যাল ফুটওয়্যারের কিউআইও অনুমোদন দেওয়া হয়। ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট।
প্রসপেক্টাস অনুযায়ী, গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির হাতে নগদ ও নগদ সমতুল্য সম্পদ ছিল ২০ কোটি ২৫ লাখ টাকা। একই সময়ে মজুত পণ্যের পরিমাণ ছিল ৫০ কোটি ৯২ লাখ টাকা, যার মধ্যে কাঁচামাল ছিল ৪৩ কোটি ২৭ লাখ টাকা। এরপরও কিউআইওর অর্থ থেকে আরও ২ কোটি টাকার কাঁচামাল কেনার পরিকল্পনা করা হয়েছে।
এদিকে রয়্যাল ফুটওয়্যারের মোট আয়ের ৮০ দশমিক ২১ শতাংশ আসে হংকংভিত্তিক একটি মাত্র বিদেশি ক্রেতার কাছ থেকে। ফলে নির্দিষ্ট একজন ক্রেতার ওপর অতিরিক্ত নির্ভরতা নিয়েও ঝুঁকির প্রশ্ন উঠেছে।
আরও আলোচনার জন্ম দিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লেনদেন। প্রসপেক্টাসে উল্লেখ করা হয়েছে, কোম্পানিটির পরিচালক মো. জাকির হোসেন পাটোয়ারী ও মো. বিল্লাল হোসেনের মালিকানাধীন আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের বিদ্যুৎ বিল বাবদ রয়্যাল ফুটওয়্যার ১ কোটি ৭১ লাখ টাকার বেশি পরিশোধ করেছে।
এ ছাড়া ব্যবসায়িক আয় কমার সময় জমি ও কারখানা ভবনের পুনর্মূল্যায়ন করা হয়েছে। এতে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ১৫ টাকা ৭৮ পয়সা থেকে বেড়ে ২৭ টাকা ৫৪ পয়সায় দাঁড়িয়েছে।
পুঁজিবাজার বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদ মনে করেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল পরিশোধের মতো ঘটনা সুশাসনের প্রশ্ন তৈরি করে। একই সঙ্গে বাজার থেকে সংগৃহীত অর্থের বড় অংশ ঋণ পরিশোধে ব্যয় হলে ব্যবসা সম্প্রসারণের সুযোগও সীমিত হতে পারে।
অন্যদিকে, রয়্যাল ফুটওয়্যারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোম্পানির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইস্যু ব্যবস্থাপক প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট জানিয়েছে, অসংগতির বিষয়ে মূল কোম্পানিই ব্যাখ্যা দিতে পারবে।
বিএসইসির মুখপাত্র মো. আবুল কালাম জানিয়েছেন, বিষয়গুলো কমিশন খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।