
আনহাজ হোসাইন হিমেল
বার্তা সম্পাদক
আসন্ন ১নং সয়না-রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা এইচ. এম. হাফিজ উল্লাহ উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবাকে প্রাধান্য দিয়ে ইউনিয়নবাসীর সামনে একগুচ্ছ নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেছেন। তিনি একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, সেবামুখী ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তার ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, প্রসূতি মা ও বিশেষ রোগীদের জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু করা হবে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের নিজস্ব পরিবহনের মাধ্যমে জনগণের দোরগোড়ায় বিভিন্ন নাগরিক সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। জন্ম, মৃত্যু ও অন্যান্য নাগরিক সনদ সরকার নির্ধারিত ফি অনুযায়ী দ্রুত ও স্বচ্ছভাবে প্রদান নিশ্চিত করার কথাও তিনি উল্লেখ করেন।
নির্বাচিত হলে মাদক, দুর্নীতি, ইভটিজিং এবং অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে বলে জানান তিনি। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন, শিক্ষক-অভিভাবক সমাবেশ আয়োজন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন।
এছাড়া তরুণ ও যুব সমাজকে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ইউনিয়নের গুরুত্বপূর্ণ ও অন্ধকারাচ্ছন্ন সড়কে পোস্ট লাইট স্থাপন এবং আইন-শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে সালিশ কমিটি গঠনের পরিকল্পনাও তার নির্বাচনী ইশতেহারের অন্তর্ভুক্ত।
চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা এইচ. এম. হাফিজ উল্লাহ বলেন, “সেবাই হবে আমার অঙ্গীকার, উন্নয়ন হবে আমাদের অধিকার। ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে একটি আদর্শ, আধুনিক ও মানবিক ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
এদিকে স্থানীয় ভোটারদের মধ্যে তাকে নিয়ে ইতিবাচক আলোচনা দেখা যাচ্ছে। অনেকের মতে, ঘোষিত পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে ১নং সয়না-রঘুনাথপুর ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, জনসেবা ও সামাজিক নিরাপত্তায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
তবে এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন নির্বাচিত হওয়ার পর কার্যকর পদক্ষেপের ওপর নির্ভর করবে বলে স্থানীয় সচেতন মহল মনে করছে।