ইস্যু থাকবেই, আলোচনায় সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
- আপলোডের সময় : Monday, August 10, 2026,

ইস্যু থাকবেই, আলোচনায় সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
ঢাকা, ১০ আগস্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে গণতান্ত্রিক বিভিন্ন ইস্যু থাকবেই, তবে পারস্পরিক আলোচনা ও সংলাপের মাধ্যমে সেগুলোর সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ‘ইস্যু না থাকলে তো গণতন্ত্র থাকবে না।’
সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, গণতান্ত্রিক দেশে বিভিন্ন ধরনের ইস্যু থাকবে এবং নতুন ইস্যুও আসবে। তবে সেগুলো আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে। ভারতের জনগণ যেমন বাংলাদেশের সঙ্গে সুন্দর সম্পর্ক চায়, তেমনি বাংলাদেশের সাধারণ মানুষও ভারতের সঙ্গে ইতিবাচক ও শক্তিশালী সম্পর্ক প্রত্যাশা করে।
তিনি বলেন, ‘আমাদের দেশের প্রধানমন্ত্রীও বাংলাদেশ-ভারতের সুন্দর সম্পর্ক চান। ভবিষ্যতে ভালো কিছু হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার আলোচনা অত্যন্ত আন্তরিক পরিবেশে হয়েছে এবং তিনি এ সাক্ষাতে সন্তুষ্ট।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দুই দেশের সম্পর্কের মধ্যে কোনো নির্দিষ্ট সমস্যা রয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইস্যু না থাকলে তো গণতন্ত্র থাকবে না। কেন, ইস্যু তো বাড়িতেও থাকে। আমি যখন বাড়ি যাই, বাড়িতেও ইস্যু থাকে।’
তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে এমন কোনো সমস্যা নেই, যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। দুই দেশেই প্রাণবন্ত গণতন্ত্র বিদ্যমান এবং উভয় দেশের সাধারণ মানুষের প্রত্যাশা একটাই— ভালো সম্পর্ক।
দুই দেশের ঐতিহাসিক ও ভৌগোলিক বাস্তবতার কথা উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমাদের ইতিহাস আপনি বদলাতে পারবেন না। আমাদের প্রতিবেশীকেও বদলাতে পারবেন না। আমরা শুধু সীমান্ত ভাগ করি না, স্বপ্নও ভাগ করি।’
বাংলাদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, গত দুই মাসে বাংলাদেশের মানুষের কাছ থেকে তিনি অনেক সম্মান, ভালোবাসা ও আন্তরিকতা পেয়েছেন, যা তাকে অত্যন্ত আনন্দিত করেছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গে তিনি বলেন, প্রথম সাক্ষাতেই তার মনে হয়নি যে এটি প্রথমবারের সাক্ষাৎ। অত্যন্ত আন্তরিক ও বিনয়ী পরিবেশে তাদের আলোচনা হয়েছে।
দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘পিপল টু পিপল’ যোগাযোগ বাড়াতে হবে। দুই দেশের নেতারা একসঙ্গে বসে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করলে সমাধানের পথ বের হবে।
তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্ক ভালো রাখার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীও আগ্রহী।
দুই দেশের সরকার কবে আনুষ্ঠানিক বৈঠকে বসবে কিংবা আসন্ন আন্তর্জাতিক সম্মেলনে দুই দেশের শীর্ষ নেতৃত্বের বৈঠক হবে কি না— এমন প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, ‘সবই ভালো হবে।’
শেষে তিনি বলেন, ‘ইস্যু থাকবে, বাংলাদেশের ইস্যু থাকবে, ভারতের ইস্যু থাকবে। কিন্তু মানুষের ইস্যু একটাই— ভালো সম্পর্ক। আর ভালো সম্পর্ক হলে বিভিন্ন পরিস্থিতি মোকাবিলা করা সহজ হবে।’
দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমি খুবই আত্মবিশ্বাসী, আগামী দিন ভালোই হবে।’










