ইসোফ্যাজাইটিসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিম কার্দাশিয়ান
- আপলোডের সময় : Friday, September 18, 2026,

ইসোফ্যাজাইটিসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিম কার্দাশিয়ান
ডেস্ক রিপোর্ট
আমার সকাল ২৪
ঢাকা
গ্ল্যামার আর আলোর ঝলকানির আড়ালেও তারকাদের জীবনে কখনো কখনো কঠিন বাস্তবতা নেমে আসে। তেমনই এক শারীরিক জটিলতার মুখোমুখি হয়েছিলেন মার্কিন টিভি তারকা ও অভিনেত্রী কিম কার্দাশিয়ান। অসুস্থ হয়ে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য কার্দাশিয়ানস’-এর নতুন মৌসুমের ট্রেলারে নিজের অসুস্থতার কথা প্রকাশ করেন কিম। ট্রেলারে তাকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। সেখানে তিনি জানান, ‘ইসোফ্যাজাইটিস’ নামের একটি সমস্যায় আক্রান্ত হয়েছিলেন তিনি।
ইসোফ্যাজাইটিস মূলত খাদ্যনালির প্রদাহ বা জ্বালাজনিত সমস্যা। অ্যাসিড রিফ্লাক্স, সংক্রমণ কিংবা কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াসহ বিভিন্ন কারণে এ সমস্যা হতে পারে। এর সাধারণ উপসর্গের মধ্যে গিলতে কষ্ট বা ব্যথা এবং বুকজ্বালার মতো সমস্যা রয়েছে।
ট্রেলারের একটি আবেগঘন অংশে একজন প্রযোজক কিমকে প্রশ্ন করেন, তার বাবা রবার্ট কার্দাশিয়ান সিনিয়রও একই রোগে মারা গিয়েছিলেন কি না। এ প্রশ্নে কিম, তার মা ক্রিস জেনারসহ পরিবারের সদস্যদের আবেগপ্রবণ হতে দেখা যায়।
কিমের বাবা রবার্ট কার্দাশিয়ান সিনিয়র ২০০৩ সালে ৫৯ বছর বয়সে খাদ্যনালির ক্যানসারে মারা যান। তবে ইসোফ্যাজাইটিসে আক্রান্ত হওয়া মানেই ক্যানসার হবে—এমন নয়। দীর্ঘদিন সমস্যা অবহেলা করলে কিছু ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।
কিমের হাসপাতালে ভর্তি হওয়া বা চিকিৎসার বিষয়ে বিস্তারিত তথ্য ট্রেলারে প্রকাশ করা হয়নি। এর আগে কিম জানিয়েছিলেন, বাবার মৃত্যুর পর উন্নত চিকিৎসার মাধ্যমে মানুষের জীবন রক্ষায় ভূমিকা রাখার বিষয়ে তাদের পরিবার আগ্রহী।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।