ইরান পুরোপুরি ধসে পড়ছে, দাবি ট্রাম্পের
- আপলোডের সময় : Tuesday, August 25, 2026,

ইরান পুরোপুরি ধসে পড়ছে, দাবি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ওয়াশিংটন ও তেহরানের চলমান সংঘাতের মধ্যে ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’। সোমবার (২৪ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। খবর আনাদোলু এজেন্সির।
তবে ইরানের পরিস্থিতি নিয়ে এমন দাবির পক্ষে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি ট্রাম্প। এর আগেও দেশটির অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা নিয়ে একই ধরনের মন্তব্য করেছেন তিনি।
এর একদিন আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘অর্থনৈতিক ডি-ডে’ শুরু করতে যাচ্ছে। তিনি দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা ও প্রায় সব সামরিক কারখানা ধ্বংস করা হয়েছে এবং দেশটির পারমাণবিক কর্মসূচিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়েও ট্রাম্প বলেন, তেহরান চুক্তি করতে আগ্রহী হলেও তার মতে, তারা এখনো ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয়।
ইরানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ট্রাম্প আরও দাবি করেন, দেশটির অর্থের সংকট রয়েছে, সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বেতন দেওয়া কঠিন হয়ে পড়েছে এবং মূল্যস্ফীতিও ব্যাপক বেড়েছে।
স্ট্রেইট অব হরমুজ নিয়েও ট্রাম্প দাবি করেছেন, গুরুত্বপূর্ণ এই নৌপথসহ দক্ষিণ ইরানের আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।
এর আগে গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংঘাত বন্ধ এবং স্ট্রেইট অব হরমুজ দিয়ে নৌ চলাচল স্বাভাবিক করার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল বলে জানা যায়। তবে বাস্তবায়নের শর্ত এবং নৌপথে জাহাজ চলাচল নিয়ে মতবিরোধের কারণে পরে সেই সমঝোতা ভেস্তে যায়।
ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরানের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হয়। এর জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়। চলমান সংঘাতের মধ্যেই তেহরানের ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ আরও বাড়াচ্ছে ওয়াশিংটন।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।